শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কারাফটকে শেষবারের মতো দেখলেন মা

গত ৪ অক্টোবর আটক শারমিন সুলতানা শর্মির পরিবার বলছে, মা আটক হওয়ার পর থেকে সন্তানের পরিচর্যার মতো কেউ ছিল না।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির (৪৪) প্রতিবন্ধী সন্তান মারা গেছে। শনিবার সন্তানের লাশ কারাগারে নেওয়া হলে সেখানেই তিনি ছেলেকে শেষ বিদায় জানান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্তান হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স কারাগারে পৌঁছায়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, লাশ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়েছিল এবং সঙ্গে স্বজনেরাও ছিলেন। পরে নিয়ম অনুযায়ী বন্দি মাকে লাশ দেখার সুযোগ দেওয়া হয়।

শারমিন সুলতানা ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বামী নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নিপুন বলেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে, দুজনই জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে খাওয়া-দাওয়াসহ সবকিছুতেই মায়ের ওপর নির্ভরশীল ছিল। মা গ্রেপ্তার হওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল না বলে তিনি দাবি করেন। নিপুনের দাবি, আটকের আগ পর্যন্ত স্ত্রীর নামে কোনো মামলা ছিল না এবং ষড়যন্ত্র করে আটকের পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, পুলিশের বক্তব্যও এই প্রতিবেদনে পাওয়া যায়নি।