রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে নিরাপত্তাব্যবস্থা ও ছাত্রদলের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন এবং সরকার প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। তবে দেশে এখনো ফ্যাসিস্টরা ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার আগে শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগমুক্ত করা হয়েছে এবং এতে ছাত্রদলের অবদান সবচেয়ে বেশি।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, হেলমেট পরে লুকিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার মতো ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রতিটি হলের নেতা-কর্মীদের রাতভর পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে বুধবার ও বৃহস্পতিবার অবস্থান করবেন।
রাহী আরও বলেন, ৭৫৩ একরের ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগকে বিন্দুমাত্র জায়গা দেওয়া হবে না এবং কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার জবাব দেওয়া হবে। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়—এমন কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।