অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব বিষয়ে আলোচনা করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন ক্ষেত্র খুঁজে বের করা, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, ভিসা প্রক্রিয়া সহজ করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুব বিনিময়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে শামা ওবায়েদ রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন। সংসদীয় কূটনীতি জোরদার করতে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে তিনি জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। নিকোলাস জিপেলিয়াস আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন।