আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই ‘পতিত ফ্যাসিবাদী স্বৈরাচার’কে দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যাঁরা মনে করছেন এসব করে তাঁকে ফেরানো যাবে, তাঁরা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান জানান, যাঁরা বোমা হামলা করছেন, তাঁদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা মানুষও দেখতে পাচ্ছে।
সরকারের সাম্প্রতিক কাজের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটেনি। পুলিশকে বাদী করে মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন এবং সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে আছে বলে দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাংবাদিকতা এখন মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে; কেউ হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে গণমাধ্যমের কাছে আসেন। এই আস্থা ধরে রাখতে হবে এবং অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি সরকারের ভুলত্রুটিও প্রকাশ করতে বলেন তিনি; সমালোচনা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।