যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার প্রকাশ্যে স্বীকার করেছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা একাধিকবার বৈঠক করেছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই এই বৈঠকের কথা সামনে এল।
এক পডকাস্ট সাক্ষাৎকারে ইরানিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কুশনার বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি।’ তবে বৈঠকগুলো কখন হয়েছে, কারা অংশ নিয়েছেন কিংবা কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
কুশনার জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইরান পরিস্থিতির সমাধান খুঁজতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করছেন তিনি এবং এ কাজে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে দায়িত্ব পালন করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প অত্যন্ত মনোযোগী এবং সংকট মোকাবিলায় একটি বিশেষ দল গঠন করেছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে কুশনার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় তাঁর হাতে সব বিকল্প খোলা রাখেন।’ অর্থাৎ কূটনৈতিক যোগাযোগ চললেও সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনো বিবেচনায় আছে।
ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন দিতে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখছে কি না, এ প্রশ্নে কুশনার বলেন, ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। তবে ইরান প্রসঙ্গে ইউরোপের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন বলে জানান। বৈঠকের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।