বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর লাশ

ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনান আলতাফ সোমবার রাতে নিখোঁজ হন; বুধবার সকালে ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরের জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়।

আদনান ভারতের কাশ্মীরের বারামুল্লা জেলার বনপাড়া এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে। তিনি উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি সেখান থেকে নিখোঁজ হন। তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত চলছে।