আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ। পাশাপাশি প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সেটি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকার। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছে আইসিজে। প্রতিমন্ত্রী বলেন, গাম্বিয়া মামলার বাদী হিসেবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।
ক্ষতিপূরণের প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রক্রিয়া অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে এবং তখন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনকে নিয়ে কাজ করা হবে। তাঁর মতে, এখানে অনেকগুলো সংস্থাকে যুক্ত করার প্রক্রিয়া লাগবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সেটি নিশ্চিত করতে হবে। তাঁর ভাষায়, আইসিজের রায়ের বড় অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো। তবে তিনি যোগ করেন, তাঁদের আগামীকাল ফেরত পাঠালেই সেটি নিরাপদ হবে না; রাখাইন রাজ্যে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেখানে তাঁরা যেতে পারবেন এবং জীবনযাপন করতে পারবেন। এ জন্য বাংলাদেশ জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত ও বহুমুখী পরিসরে কাজ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার আইসিজে রায় দেয়, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর মাধ্যমে জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর। ৯ জন বিচারক রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া এ মামলা করেছিল। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়।