বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাতুনগঞ্জে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর: দুজন গ্রেপ্তার, ব্যবসায়ীদের নিন্দা

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে এমএইচ গ্রুপের অফিসে ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এমএইচ গ্রুপ (ইলিয়াছ ব্রাদার্স)’-এর অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর একটার দিকে কিছু দুষ্কৃতকারী আকস্মিকভাবে খাতুনগঞ্জের পরিচিত প্রতিষ্ঠান এমএইচ গ্রুপের অফিসে ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ধরনের মব, লুটপাট, বিশৃঙ্খলা ও অরাজকতামূলক তৎপরতা বরদাশত না করার ঘোষণা দেওয়া হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি হলে অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, খাতুনগঞ্জ একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে দুপুরে খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ইলিয়াছ ব্রাদার্সের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তানজিল ইসলাম ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনই মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা এবং ভাঙচুরের ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে।