নাটোরের লালপুরে বিদেশে কর্মসংস্থানের নামে তরুণেরা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বৃহস্পতিবার সন্ধ্যায় লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভার আয়োজক ছিল ‘স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি জিটি গ্রুপ’। প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য বিদেশে কাজের সুযোগ তৈরি করা জরুরি। তবে কর্মসংস্থানের নামে কেউ যেন আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তাঁর ভাষ্য, দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে বাংলাদেশের তরুণদের কাজের সুযোগ তৈরি হলে তা দেশের অর্থনীতি ও বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা, প্রয়োজনীয় যোগ্যতা এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, চাকরির চুক্তি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যুবসমাজ দেশের মূল সম্পদ উল্লেখ করে তিনি বলেন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রেখে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থানের কোনো উদ্যোগ যেন তরুণদের জন্য ঝুঁকি বা দুর্ভোগের কারণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিটি গ্রুপের চেয়ারম্যান পার্ক জি ইয়ং এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন। সভায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন।