বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিল এলাকার দিগন্তজোড়া মাঠে এখন পাকা সোনালি আমন ধানের শিষ দুলছে। কোথাও চলছে আগাম জাতের ধান কাটা ও মাড়াই, কোথাও উঠান-আঙিনায় ধান মাড়াইয়ের প্রস্তুতি। সব মিলিয়ে গ্রামজুড়ে উৎসবের আমেজ।
উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। চর এলাকায় সামান্য কিছু জমিতে আবাদ হলেও বিল এলাকায় আবাদ হয়েছে সবচেয়ে বেশি। ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের চাষিদের ব্যস্ততা এখন বেড়েছে।
গত মঙ্গলবার এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, আগাম জাতের ধান কাটতে কোমরে গামছা বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। কেউ কাস্তে হাতে ধান কাটছেন, কেউ আঁটি বেঁধে জমিতে স্তূপ করছেন; কোথাও আবার আধুনিক যন্ত্রে মাড়াই চলছে।
ফুলবাড়ী ইউনিয়নের হাটফুলবাড়ী গ্রামের চাষি শাহজান আলী সাজু বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টি কম হওয়ায় ধান চাষ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। পরে আবহাওয়া অনুকূলে থাকায় পরিমাণমতো বৃষ্টি হয়েছে। শিষ যেমন ভালো হয়েছে, ধানও হয়েছে দানাদার। তিনি জানান, বিআর-১১, ১০৩, ৯৩, ৪৯ ও সুগন্ধি বিআর-১০৩ ধানের বাম্পার ফলন হয়েছে এবং বিঘাপ্রতি ২২-২৩ মণ ফলন পাওয়া যাচ্ছে। আগাম জাতের ধান কাটার পর ওই জমিতেই সরিষা আবাদের পরিকল্পনা আছে বলেও তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এবার আবহাওয়া অনুকূলে ছিল। এ ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তারা দিনরাত চাষিদের পরামর্শ দিয়েছেন। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি এবার ধানের ন্যায্যমূল্যও নিশ্চিত হবে বলে আশা করছেন চাষিরা।