বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে মোবাইল কোর্ট: সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা, ৬০ বস্তা সার জব্দ

অবৈধভাবে সার বিপণনের অভিযোগে নোন্দাপুর মহালেনে অভিযান; কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে বিক্রির নির্দেশ

গোদাগাড়ীতে মোবাইল কোর্ট- সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: গোদাগাড়ীতে মোবাইল কোর্ট- সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ লঙ্ঘনের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দকৃত ৬০ বস্তা সার কৃষক পর্যায়ে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের নোন্দাপুর মহালেন এলাকায় সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযান চলাকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারিত বিধিনিষেধ না মেনে সার বিপণন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন সার ডিলারকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দ হওয়া ৬০ বস্তা সার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেন আদালত।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। নিরাপত্তা সহায়তা প্রদান করে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র।