সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

এশিয়া কাপ আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ, সোনার লড়াইয়ে প্রতিপক্ষ কাজাখস্তান

ইরাকের সুলাইমানিয়ায় পুরুষ রিকার্ভ দল উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে এবং নারী কম্পাউন্ড দল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে।

এশিয়া কাপ আর্চারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইরাকের সুলাইমানিয়া থেকে জোড়া সোনার সুখবর আসতে পারে বাংলাদেশের জন্য। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দল এখন সোনার পদক থেকে মাত্র এক জয় দূরে।

সোমবার পুরুষ রিকার্ভের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেননি বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। তাঁরা প্রতিপক্ষকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন।

একই দিনে নারী কম্পাউন্ড দলও দারুণ জয় পেয়েছে। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তারের দল শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৩৩-২১৯ পয়েন্টে।

দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। কাজাখস্তানের পুরুষ ও নারী দলও স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন সাগর ও আলিফরা। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে লড়বেন বন্যা ও কুলসুমরা।

শুধু দলীয় ইভেন্টেই নয়, ব্যক্তিগত বিভাগেও ভালো করছেন বাংলাদেশের নারী আর্চাররা। মঙ্গলবার কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবেন বন্যা, কুলসুম ও শ্রীপর্ণা।