সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা ও ই-অ্যাপোস্টিলে ভোগান্তি

রোববার রাত থেকে সরকারি সেবার প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ; এটুআইয়ের একজন কর্মকর্তা মঙ্গলবারের মধ্যে চালুর আশা করছেন।

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিরাপত্তা ত্রুটির জেরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর এবার সরকারি সেবার অনলাইন প্ল্যাটফর্ম মাইগভ (mygov.bd) বন্ধ করা হয়েছে। রোববার রাত থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সোমবারও একাধিকবার প্রবেশের চেষ্টায় সফল হওয়া যায়নি; সাইটে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) একজন কর্মকর্তা জানান, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে; এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে।

ওই কর্মকর্তা বলেন, মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন রয়েছে, সেগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি চালু করা যাবে। মাইগভের ফেসবুক পেজে রোববার জরুরি রক্ষণাবেক্ষণের কথা জানিয়ে সোমবার রাত ১২টায় ওয়েবসাইট সচল করার ঘোষণা দেওয়া হয়েছিল।

মাইগভের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৪৪০টি সেবা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এটুআই সূত্র বলছে, প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সেবা নেন।

সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বাংলাদেশেও বেশ কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। এর মধ্যে ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট ছাড়াও ছিল বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংক ও বেসরকারি হাসপাতালের সাইট।

মাইগভ বন্ধ থাকায় সেবাপ্রত্যাশীরা ভোগান্তিতে পড়েছেন। মাইগভের ফেসবুক পেজের মন্তব্যে অনেকে অনলাইনের বিকল্প হিসেবে ম্যানুয়াল ব্যবস্থা না থাকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। একজন লিখেছেন, ই-অ্যাপোস্টিলের জন্য নথি জমা দিয়েছেন এবং পরদিনই তাঁর তা প্রয়োজন; এখন কী করবেন, তা তিনি জানেন না।