যমুনা নদীর তীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে বন্যার আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে প্যারামেট্রিক বিমার আওতায় এনেছে সরকার। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরের এসব মানুষকে নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম। আগামী দুই বছর এটি চলবে। এ সময় নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বিমাভুক্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন।
সোমবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন অংশের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়। এত দিন মূলত ত্রাণ বিতরণ, উদ্ধার, জরুরি সাড়া ও পুনর্বাসনের ওপর নির্ভর করা হয়েছে। এসব প্রচলিত ব্যবস্থার পাশাপাশি দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় আধুনিক অর্থায়ন পদ্ধতি চালু করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালকের ভাষ্য, এ পদ্ধতিতে নির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে বন্যার পরিস্থিতি নির্ধারণ করা হয়। দুর্যোগের মাত্রা নির্ধারিত সীমায় পৌঁছালে বিমাভুক্ত ব্যক্তিরা সহায়তা পাবেন। তিনি জানান, যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আরও দুটি অংশ রয়েছে। একটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, যারা গাইবান্ধায় নদীর তীর রক্ষায় গ্রোয়েনসহ বিভিন্ন অবকাঠামোর কাজ করছে। অপরটির দায়িত্বে বিআইডব্লিউটিএ, যারা নদীর চ্যানেল নিয়ে কাজ করবে।
কামরুল হক মারুফ বলেন, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক বিমা বাংলাদেশে তুলনামূলক নতুন ধারণা। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।