চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) ২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাটি কাটার কাজে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে চারটি ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই শেষে উন্মুক্ত লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ভোলাহাট সদর ইউনিয়নে ১৪ জন প্রার্থী লটারিতে অংশ নেন; তাঁদের মধ্যে ১০ জন নির্বাচিত হন এবং চারজন অপেক্ষমাণ তালিকায় থাকেন। গোহালবাড়ি ইউনিয়নে ৩৯ জনের মধ্যে ১০ জন নির্বাচিত ও ১০ জন অপেক্ষমাণ তালিকায় আছেন। দলদলী ইউনিয়নে ৬০ জনের মধ্যে ১০ জন নির্বাচিত এবং ১০ জন অপেক্ষমাণ। জামবাড়িয়া ইউনিয়নে ১৬ জনের মধ্যে ১০ জন নির্বাচিত ও ছয়জন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
নির্বাচিত কোনো নারী শ্রমিক অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে।
লটারির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া ভোলাহাট সদর ও দলদলী ইউনিয়নের চেয়ারম্যান এবং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের একজন সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিয়োগপ্রত্যাশী নারীরা উপস্থিত ছিলেন।