জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণ জানাতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে কথা হয়।
কমিটি আরও সুপারিশ করেছে, বেসরকারি সদস্যের কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন করে নিশ্চিত করা হয় এবং সদস্যদের কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব হয়। সভাপতি কমিটির কার্যক্রম পরিচালনায় সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর পাশাপাশি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংসদ সদস্য তাহসিনা রুশদীর, মো. নূরুল ইসলাম বুলবুল ও আখতার হোসেন উপস্থিত ছিলেন।