খুলনার রূপসা উপজেলায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টা ২০ মিনিটের দিকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। ওই সময় দোকানে বসে ছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলের আরোহীদের একজন দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায় গুলি করেন। এরপর দুজনেই মোটরসাইকেলে ফকিরহাটের দিকে পালিয়ে যান।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন রূপসার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। দলের সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটিকে সার্চ কমিটি বলা হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এসব ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে, যার দুটিতে ধারালো অস্ত্রে জখম এবং একটিতে পিটিয়ে হত্যা করা হয়। সব মিলিয়ে ২০ দিনে নয়টি হত্যাকাণ্ডের পাঁচটি খুলনা নগরে, বাকি চারটি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায় ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি, মোট ৭৯টি হত্যাকাণ্ড হয়েছে।
একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও গুলি ও হত্যার ঘটনা থামছে না বলে বাসিন্দারা জানান।