রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পাবনায় আমনের বাম্পার ফলন, তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন না কৃষক; মণপ্রতি চার কেজি ‘ধলতা’ দিতে হচ্ছে

কৃষকদের হিসাবে প্রতি বিঘায় খরচ প্রায় ১৬ হাজার টাকা, ১৫ মণ ধান বিক্রি করে মিলছে গড়ে ১৯ হাজার ৫০০ টাকা।

পাবনার মাঠে মাঠে এখন পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে এবার জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। তবু কৃষকদের মুখে হাসি নেই। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিক মজুরির মতো কৃষি উপকরণের দাম ব্যাপক হারে বাড়লেও সেই অনুপাতে ধানের বাজারদর বাড়েনি বলে তাঁরা জানাচ্ছেন।

কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে রোপা আমন আবাদে এখন প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি গড় ফলন প্রায় ১৫ মণ। স্থানীয় হাট-বাজারে মোটা আমন ধান বিক্রি হচ্ছে মণপ্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকায়, চিকন আমন এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৬০ টাকায়। সে হিসাবে ১৫ মণ ধান বেচে গড়ে ১৯ হাজার ৫০০ টাকা পাওয়া গেলেও অন্যান্য খরচ বাদ দিলে কৃষকের হাতে কার্যত কোনো লাভ থাকছে না।

কৃষকদের অভিযোগ, হাট-বাজারে ধান বিক্রি করতে গিয়ে মহাজন ও ফড়িয়াদের চাপে মণপ্রতি (৪০ কেজি) চার কেজি করে ‘ধলতা’ দিতে হচ্ছে। আগাম দাদনের টাকা শোধ করতে গিয়ে অনেক প্রান্তিক চাষি বাজারে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাঁরা মনে করেন, বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় এ অবস্থা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও।

ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের কৃষক রমজান মোল্লা বলেন, সেচ খরচ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বাড়ায় ধান চাষের ব্যয় বহুগুণ বেড়েছে। বর্গাচাষি জালাল খাঁ জানান, উৎপাদন খরচ বাড়ার কারণে লোকসান গুনে তিনি জমি বর্গা নেওয়া ছেড়ে দিয়েছেন। সিঅ্যান্ডবি চতুরহাটের কৃষক জাভেদ মিয়া জানান, লিজ নেওয়া জমির মালিককে বছরে ১৫ হাজার টাকা দেওয়ার পর বর্তমান বাজারদরে ধান বিক্রি করে তাঁকে উল্টো লোকসান গুনতে হয়েছে।

পাবনার অধিকাংশ কৃষকই দরিদ্র, প্রান্তিক ও বর্গাচাষি পর্যায়ের। ঋণ বা দাদন নিয়ে ফসল ফলানোর কারণে ফসল ওঠার সঙ্গে সঙ্গেই তাঁদের তা বিক্রি করে দিতে হয়, ফলে দাম বাড়ার সুযোগ তাঁরা নিতে পারেন না।