শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি ফল জালিয়াতি: কম্পিউটার বিভাগের প্রোগ্রামারসহ তিনজনকে আটক করেছে সিআইডি

ফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করে পাঁচলাইশ থানার মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আদালতে পাঠিয়েছে সিআইডি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় প্রোগ্রামারসহ তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের পাঁচলাইশ থানায় সোপর্দ করে সিআইডি।

আটক ব্যক্তিরা হলেন প্রোগ্রামার মো. মালেক (৪৫), ফরহাদ হোসেন (৩৬) ও মো. জিসান (৩৫)। তাঁদের মধ্যে দুজন বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী। বৃহস্পতিবার তিনজনকে পাঁচলাইশ থানায় চলমান ফল জালিয়াতির মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আদালতে পাঠায় সিআইডি।

সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে এর আগে বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল। আসামিরা হলেন কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন রায়হান এবং শিক্ষার্থী হাসিবুল আলী শোভন।

শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। ২০২৩ সালে ফলাফল পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ কারাগারে যান; তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো বিচারাধীন। ২০২৫ সালেও আরেকটি ফল জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছিল।