ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পাল (৪৭)।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীর বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে বিজয় দেবাশীষ নারায়ণ পালকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ১২ অক্টোবর আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ড শেষে দুজনকে কারাগারে পাঠানো হয়। অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানা যায়নি।