একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ, ফল ১ অক্টোবর
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ও ফল প্রকাশের ঘোষণা দিয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই ধাপে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। যারা পূর্বে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, অথবা নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেনি, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবে। এমনকি ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচনের পরও কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবে।
দ্বিতীয় ধাপে আবেদনকারীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে হবে। কলেজগুলোর বিদ্যমান আসনসংখ্যার ভিত্তিতে এই পছন্দ নির্বাচন করতে হবে। ফল প্রকাশের পর ১ থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবে।
নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের শুধু ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।