সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের আত্মত্যাগের গল্প

‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক পাঠে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তিন শহীদের কথা যুক্ত হয়েছে; আছে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানা সংগ্রামের প্রসঙ্গও।

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে এবার যুক্ত হচ্ছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের গল্প। পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে ওই আন্দোলনের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ভূমিকা তুলে ধরা হয়েছে।

পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ২২ নম্বর পাঠের শিরোনাম ‘আমরা তোমাদের ভুলব না’। এই গল্পে বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামের ইতিহাস ধারাবাহিকভাবে বলা হয়েছে। এতে আছে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা তিতুমীর, সূর্য সেন ও প্রীতিলতার আত্মত্যাগের কথা। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারের অবদানও তুলে ধরা হয়েছে। এ ছাড়া ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গও গল্পটিতে স্থান পেয়েছে।

গল্পের শেষ অংশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদের কথা আনা হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের অনেকে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, কেউ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, আবার কেউ অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে নেমে নিহত হয়েছেন—এসব আত্মত্যাগের কথাই গল্পে উঠে এসেছে।

গল্পটির মূল বার্তা হলো, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।