বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পুলিশে নতুন ২৪ হাজার ৬৭৭ পদ সৃষ্টির প্রস্তাব, চার হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল

পুলিশ সদর দপ্তরের প্রস্তাব এখন জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন; এসআই পদে এই প্রথম শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ পুলিশে রাজস্ব খাতে নতুন ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে চার হাজার উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে। পুলিশ সদর দপ্তরের পাঠানো এ প্রস্তাব এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

প্রস্তাবে তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ বিভিন্ন ইউনিটের জন্য ৯ হাজার ৯৪৩টি পদের কথা বলা হয়েছে। পুলিশের আরেকটি প্রস্তাবে ৪০০টি সার্জেন্ট ও ৪৫০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টির কথাও রয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) কামরুম মুনিরা বলেন, প্রক্রিয়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চলছে এবং আশা করা হচ্ছে, অচিরেই তা শেষ হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জনবল সংকট কমানো, আইন প্রয়োগের সক্ষমতা বাড়ানো এবং সারা দেশে জননিরাপত্তা জোরদার করতে নতুন পদগুলো সৃষ্টি করা হচ্ছে। সূত্রগুলোর হিসাবে, দেশের জনসংখ্যা ১৮ কোটি ধরলে প্রতি ৮৬৬ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে পুলিশে মঞ্জুরিকৃত পদ দুই লাখ ১৮ হাজার ৭৪৭টি, যার মধ্যে ১০ হাজার ৮০৯টি নন-পুলিশ পদ। ক্যাডার পদ ৩ হাজার ১৬৮টি; ননক্যাডারের মধ্যে ইন্সপেক্টর ৬ হাজার ৯৫৭, এসআই ২৪ হাজার ৫৮১ এবং এএসআই ৩০ হাজার ৪৯০টি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জাতিসংঘের শান্তিকালীন ৪০০:১ মানদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক তুলনায় মালয়েশিয়ায় প্রতি ২৯৭ জনের বিপরীতে একজন এবং থাইল্যান্ডে প্রতি ৩১৩ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। সংশ্লিষ্টদের হিসাবে আঞ্চলিক মানদণ্ড ধরলে বাংলাদেশে এখনো প্রায় তিন লাখ ৫৪ হাজার পুলিশ সদস্যের প্রয়োজন।

এর আগে ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসআই পদে চার হাজার ও কনস্টেবল পদে ১০ হাজার, অর্থাৎ মোট ১৪ হাজার নতুন নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রথম চার হাজার এসআই পদের পুরোটাই সরাসরি নিয়োগের জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। এত দিন এসআই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতিতে, বাকি অর্ধেক সরাসরি নিয়োগে পূরণ হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রার্থীদের মেধা ও শারীরিক সক্ষমতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।