বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হেনেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মধ্য ওডিশার গোপালপুর এলাকায় শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ঝড়টি স্থলভাগে ওঠে। এর আগে অধিদপ্তর জানিয়েছিল, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ৭টা ২৮ মিনিটে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়, যা তিন ঘণ্টা ধরে চলবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ওডিশা-সংলগ্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের কারণে ওডিশা প্রশাসন তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং ৪২৩টি দল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, স্থলভাগে প্রবেশের পর ‘আকভান’ গভীর নিম্নচাপে পরিণত হবে; শনি ও রোববারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এবং পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
বাংলাদেশের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, স্থলভাগে ওঠার সময় এমনিতেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়, এ ক্ষেত্রেও তা-ই হয়েছে; তবে উপকূল অতিক্রমের সময় প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে; দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শুক্রবারও দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে; ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবারও কোনো কোনো এলাকায় বৃষ্টি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।