রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কল্যাণপুর স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং চারজনের লাশ উদ্ধার করে। নিহতদের একজনের নাম শফিকুল (৩৫); অন্য তিনজনের নাম-পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো শাহ আলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের উপস্থিতিতে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ কী, তা প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি।