বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে বিলে বেশি ছাড় না দেওয়ায় সিটি হাসপাতালে হামলা-ভাঙচুরের অভিযোগ; থানায় লিখিত অভিযোগ, মামলা হয়নি

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয়ে একদল তরুণ মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালের নিচতলায় ভাঙচুর চালিয়েছে।

চিকিৎসা বিলে আরও ছাড় না দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল তরুণ মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালায়।

বুধবার রাতে হাসপাতালটির মার্কেটিং বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে হামলার ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, ওই রাতে আসমা বেগম নামের এক রোগী ঠোঁটের চিকিৎসা করাতে আসেন। চিকিৎসা শেষে বিল হয় ৫ হাজার টাকা। রোগীর স্বজনেরা বিলে ছাড় চাইলে কর্তৃপক্ষ ২ হাজার টাকা কমিয়ে ৩ হাজার টাকা নির্ধারণ করে। এরপরও আরও কমানোর অনুরোধ এলে আরও ৩০০ টাকা কমিয়ে বিল করা হয় ২ হাজার ৭০০ টাকা।

মোস্তাফিজুর রহমান বলেন, এই টাকাও দিতে স্বজনেরা আপত্তি জানান। পরে আর কমানো যাবে না জানালে ওই রোগী বিল পরিশোধ করে চলে যান। কিছুক্ষণ পরই গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয়ে একদল যুবক হাসপাতালে এসে ‘কেন বিল আরও কমানো হবে না’—এ কথা বলে নিচতলায় ভাঙচুর শুরু করেন। নিচতলার কাচ, বসার জায়গা ও অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করা হয় বলে তিনি জানান। তাঁদের ধারণা, হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের আবাসিক হলের শিক্ষার্থী। হামলা পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে মোহাম্মদপুর থানা-পুলিশ ও র‍্যাবের সদস্যরা হাসপাতালটি পরিদর্শন করেন। কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে বক্তব্যের জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের এক কর্মকর্তা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে এবং তাঁরা তা যাচাই-বাছাই করে দেখছেন। এখনো মামলা হয়নি।

অভিযোগ এখনো যাচাই হয়নি; অভিযুক্ত পক্ষের বক্তব্য প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।