রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

জাতীয় ক্রিকেট লিগ: রাজশাহীতে ভেজা আউটফিল্ডে বরিশাল–ঢাকা ম্যাচ শুরুই হয়নি, খুলনার হয়ে মিঠুন–নুরুলের সেঞ্চুরি

লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে রাজশাহীর ম্যাচ ভেস্তে গেছে; বগুড়ায় রংপুরের বিপক্ষে চাপে রাজশাহী বিভাগ।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে শনিবার। প্রথম দিনে তিনটি ম্যাচ মাঠে গড়ালেও রাজশাহীতে বরিশাল ও ঢাকার ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে শুরুই করা যায়নি। দিনে সেঞ্চুরি হয়েছে দুটি এবং দুটিই একই দল খুলনার হয়ে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে খুলনা। দলের বাকি কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। মোহাম্মদ মিঠুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে আউট হন; এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১৭তম সেঞ্চুরি। নুরুল হাসান ১৮০ বলে ১০৪ রানে অপরাজিত আছেন, যা তাঁর ১৩তম প্রথম শ্রেণির সেঞ্চুরি। ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত ৪ উইকেট নিয়েছেন।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটকে ২১৮ রানে অলআউট করেছে চট্টগ্রাম। সিলেটের হয়ে একমাত্র ফিফটি করেছেন আশরাফুল হাসান (৫১)। জাতীয় দলের হয়ে এক টেস্ট খেলা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪ উইকেট নেন। জবাবে চট্টগ্রামের উদ্বোধনী জুটিতে ওঠে ৬৪ রান; দিনের শেষ বলের আগে সাদিকুর রহমান আউট হলেও মাহমুদুল হাসান ৩৫ রানে অপরাজিত আছেন।

বগুড়ায় রংপুরের বিপক্ষে ভালো অবস্থায় নেই রাজশাহী। ৬৩ রানে ৫ উইকেট হারানোর পর এস এম মেহরবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি। মেহরব ৮২ রানে এবং নিহাদ-উজ-জামান ২৮ রানে অপরাজিত আছেন। ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে রাজশাহী।