আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার এ কথা জানান।
রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
তিনি জানান, সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধগুলো দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর, বড় আর্থিক ও মানসিক চাপ তৈরি করেছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এই পরিস্থিতি বদলাতে ভূমিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ মেটানোর সুযোগ তৈরি হচ্ছে।
পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, যোগ্য মধ্যস্থতাকারী ও আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলার বদলে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে তাঁর ভাষ্য। এতে নতুন মামলা দায়েরের হার কমছে এবং আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপও কমছে।
মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের সাফল্যকে এখন স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে হবে। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় ৬৪টি জেলায় কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। সমাজে সৌহার্দ্যপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন। জাপান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।