রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের টাকা স্থানান্তরের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন নগরের একটি কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম। রোববার বিকেলে নগরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাবিহার বিবাহবিচ্ছেদের দিন তাঁর মাধ্যমে ৫০ লাখ টাকা নেওয়া হয়েছিল।
নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়নের কাজী অফিসে সাবিহা আক্তার ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিয়ে হয়। দেনমোহর ধরা হয়েছিল দুই লাখ টাকা। এর মধ্যে স্বর্ণের নাকফুল ও ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধের কথা নিকাহনামায় আছে; বাকি এক লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।
সাইফুল ইসলাম বলেন, ২০২২ সালের ৩০ আগস্ট তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং ওই দিনই মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নেওয়া হয়। বিচ্ছেদের কাগজপত্র দেখিয়ে তিনি এ কথা বলেন। জানা গেছে, টাকাটি সরাসরি সাবিহার হাতে দেওয়া হয়নি। নগদ অর্থ গ্রহণ করেন সাইফুল। পরে তিনি তা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দেন এবং সেদিনই সেখান থেকে সাবিহার হিসাবে স্থানান্তর করা হয়। মাহবুব আলমকে এই টাকা দিতে নিজের এফডিআর ভাঙার পাশাপাশি ধার-কর্জ করতে হয়েছিল বলেও জানা গেছে।
নিজের হিসাবের মাধ্যমে এত বড় অঙ্কের লেনদেন করা ঠিক হয়নি বলে সংবাদ সম্মেলনে স্বীকার করেন সাইফুল। তবে দেনমোহর দুই লাখ টাকা থাকার পরও কেন বিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা নেওয়া হলো, জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সার্জেন্ট সাবিহা আক্তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। রাজশাহীর বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। বিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলব না। সময় হলেই সবকিছু জানাব।”
সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের বিষয়টি জানাজানি হওয়ার পর সম্প্রতি এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন অর্থের উৎস নিয়ে সাবিহা ও সাইফুলের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।