দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, গত জুন শেষে সামগ্রিক ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার (ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন, সংক্ষেপে সিআরএআর) নেমে গেছে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশে খেলাপি ঋণও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ মূলধন পর্যাপ্ততা বজায় রাখতে হয়। আন্তর্জাতিক ব্যাসেল-৩ নীতিমালায় ন্যূনতম হার ১০ শতাংশ, সঙ্গে অতিরিক্ত ২ দশমিক ৫০ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখার কথা বলা আছে। প্রতিবেদনে তুলনা করে দেখা যায়, গত জুন শেষে পাকিস্তানে এ হার ছিল ১৯ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কায় ১৮ দশমিক ০৭ শতাংশ এবং ভারতে ১৭ দশমিক ৭৮ শতাংশ।
টিয়ার-১ মূলধনের অবস্থাও দুর্বল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে টিয়ার-১ মূলধনের অনুপাত মার্চ শেষে ছিল ঋণাত্মক ৫ দশমিক ৬৯ শতাংশ; জুন শেষে তা আরও ০ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট কমে ঋণাত্মক ৬ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। এর মূল কারণ ব্যাংকগুলোর সংরক্ষিত আয় কমে যাওয়া। জুন শেষে সংরক্ষিত আয়ের পরিমাণ ছিল ঋণাত্মক ২ লাখ ১১ হাজার ২৭ কোটি টাকা; মার্চ শেষে তা ছিল ঋণাত্মক ২ লাখ ১ হাজার ৪৬৯ কোটি টাকা। তিন মাসে নেতিবাচক অবস্থান বেড়েছে প্রায় ৯ হাজার ৫৫৮ কোটি টাকা। ধারাবাহিক লোকসান ও খেলাপি ঋণের বিপরীতে বিপুল প্রভিশন সংরক্ষণের চাপকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও বড় আর্থিক কেলেঙ্কারির প্রভাব এখন ব্যাংকগুলোর হিসাবে স্পষ্ট হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, ২০২৩ সাল পর্যন্ত খাতটি তুলনামূলক শক্ত অবস্থানে ছিল। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন আড়ালে থাকা ক্ষতি ও খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। বিশ্লেষণে বলা হচ্ছে, মূলধন দুর্বল হলে নতুন ঋণ বিতরণ এবং সম্ভাব্য আর্থিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে।