বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে প্রকৃত অপরাধী শনাক্তের নির্দেশ আইজিপির, সন্দেহে হয়রানি না করার তাগিদ

পুলিশ সদর দপ্তরের মর্নিং মিটিংয়ে ৬৪ জেলার কর্মকর্তাদের কঠোর অবস্থানের পাশাপাশি নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে নির্দেশও দেন আইজিপি আলী হোসেন ফকির।

সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করার নির্দেশও দিয়েছেন তিনি।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিরা বৈঠকে উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা।

পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রাম নগরীতে এবং নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলাতেও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানান, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি। তবে পুলিশের ধারণা, তাঁদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, আইজিপি নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার নিশ্চিত করতে বলেছেন। নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে; ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারিও বাড়ানো হচ্ছে।