রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পাবনার বেড়া থানায় বল্লম নিয়ে হামলা, ককটেল বিস্ফোরণ; ১২৩ রাবার বুলেট ছুড়েছে পুলিশ

রোববার ভোর চারটার দিকে অর্ধশতাধিক ব্যক্তি হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ; পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে এখনো মামলা বা গ্রেপ্তার হয়নি।

পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা, এমন তথ্য দিয়েছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান। এ সময় ককটেলও নিক্ষেপ করা হয়।

পুলিশ জানায়, হামলাকারীরা থানার দিকে ইট-পাটকেল ও ফালা-বল্লম ছোড়েন এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট এ অবস্থা চলে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাবনা-ঢাকা পথে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ আগে থেকেই এমন হামলার আশঙ্কায় সতর্ক ছিল, তাই দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এর আগের রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে এসে বিক্ষোভ করেন। গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তির দাবিতে তাঁরা স্লোগান দেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। এর প্রায় ছয় ঘণ্টা পর ভোরে হামলার ঘটনা ঘটে।

হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে অবস্থান নেন। আলহামরা পরিবহনের অন্যতম মালিক মোমিতুল চৌধুরী জানান, ভাঙচুরে তাঁদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।