সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি কমাতে এবং গ্রামীণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে এন্টিভেনম প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, গ্রামীণ জনপদে বর্ষাকাল ও কৃষি মৌসুমে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। সময়মতো চিকিৎসা ও এন্টিভেনম না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে প্রাণহানি ঘটে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন জনস্বাস্থ্য রক্ষার অংশ হিসেবে এন্টিভেনম সরবরাহ করেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এন্টিভেনম প্রাপ্তির ফলে রোগীরা এখন দ্রুত চিকিৎসা সেবা নিতে পারবেন। এতে সাপের কামড়ে মৃত্যুর হার হ্রাস পাবে এবং সাধারণ মানুষ আশ্বস্ত হবেন। বিশেষ করে কৃষক, দিনমজুর ও গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী এ সেবার মাধ্যমে উপকৃত হবে।
এ বিষয়ে প্লাজমা ফাউ্ডেশন এর সভাপতি জানান, এন্টিভেনম একটি জীবনরক্ষাকারী ওষুধ। সাপের কামড়ের চিকিৎসায় এটি সবচেয়ে কার্যকর ব্যবস্থা। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে তিনি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রম মানুষের আস্থা ও নিরাপত্তা বাড়াবে। একইসঙ্গে তারা ভবিষ্যতে আরও পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহের দাবি জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবাকে গতিশীল করতে এবং জনগণের জীবন বাঁচাতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।