পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটের নিলামে মাছটি বিক্রি হয়। মণপ্রতি ১ লাখ ৪৫ হাজার টাকা দরে এটি কিনেছেন ঘরামী ফিশ আড়তের স্বত্বাধিকারী জয়নাল ঘরামী।
জানা গেছে, কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে নবী হোসেনের জালে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে এটিই তাঁদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। নবী হোসেন বলেন, তাঁরা প্রতিদিনই সাগরে যান; ছোট ইলিশের পাশাপাশি এমন একটি বড় মাছ পেয়ে তাঁরা আনন্দিত। ভালো দামে বিক্রি হওয়ায় তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে জানান।
ক্রেতা জয়নাল ঘরামী বলেন, মাছটির ওজন ও মান বিবেচনা করে তিনি এটি কিনেছেন। এটি দেশের বাইরে রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। বড় ইলিশের প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহ থাকায় তিনি ভালো দামে বিক্রির আশা করছেন। তবে চড়া দামের কারণে এ ধরনের মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকে। স্থানীয় বাসিন্দা সাইমুন সাইফুল্লাহ বলেন, ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে, কিন্তু বর্তমান বাজারদরে মধ্যবিত্ত পরিবারের কাছে বড় ইলিশ কেনা অনেকটা স্বপ্নের মতো।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার বলেন, প্রজননকালে মাছ ধরা বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ ধরা পড়াকে সার্বিক উৎপাদন বৃদ্ধির প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না; এর জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ দরকার।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; তাই জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে এবং নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।