দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই পরিস্থিতি যাতে আর ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়াসহ যেকোনো ধরনের নাশকতা এবং সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন প্রতিহত করতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম বলেন, পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি।
শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মোসা. রোকসানা বেগম সমাবেশে বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসকরা অত্যাচার-নির্যাতন চালিয়েছে। বক্তব্যে তিনি বলেন, “আমি বেঁচে থাকা অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশের মুখ দেখতে পারবে না।” মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।