বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নাটোরে নারদ নদসহ নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফেরাতে ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

দখল ও দূষণে প্রাণহীন নারদ নদে বড়াল বেসিন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদী বাঁচাও আন্দোলনের নেতারা।

নাটোরে নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির নেতারা। জেলা প্রশাসকের মাধ্যমে ১৭ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি পাঠানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।

সংগঠনের জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, দখল ও দূষণের কারণে নারদ নদ প্রাণহীন হয়ে পড়েছে। তাঁর ভাষ্য, বড়াল বেসিন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা গেলে নারদ নদ আবার প্রাণ ফিরে পাবে। তাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানান, স্মারকলিপিতে নদীবান্ধব অর্থনীতি গড়ে তোলার দাবি রয়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা এবং শিল্প প্রতিষ্ঠানে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু রাখার কথা বলা হয়েছে। নদীর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক বলেন, নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়সহ প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।