শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজশাহী হাফ ম্যারাথনে ১ হাজার ৬০ জনের অংশ, নগরে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক

রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে ‘রান ফর গ্রিন সিটি’ স্লোগানে শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় দৌড় অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬’। এতে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন। নগরে খেলাধুলার পরিবেশ সম্প্রসারণে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ‘রান ফর গ্রিন সিটি’ স্লোগানে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে দৌড় শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাপনী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, দৌড় শুধু মানুষকে সুস্থ রাখে না, জীবনের প্রতিটি কাজে গতির সঞ্চার করে। তাঁর মতে, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জানান, প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরে ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। সবাই মিলে গ্রিন ও ক্লিন রাজশাহী গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজকরা জানান, সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে মহানগরীতে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামসহ অতিথিরা উপস্থিত ছিলেন।