বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না বলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তাঁর ভাষ্য, ক্ষমতাচ্যুত শক্তি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং কেউ কেউ তাদের কথায় বিভ্রান্ত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে সরকার স্বাক্ষর করেছে, যাতে সব রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না, তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে আইনানুগভাবে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি হত্যার বিচার হবে। সংবিধান ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় চার্জশিট দেওয়া হলে আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারিত হবে বলে জানান তিনি।