বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চার দফা সময় বাড়িয়েও শেষ হয়নি লাঙ্গলবাঁধ-নাদুরিয়া ঘাটে গড়াই নদীর সেতুর কাজ

৬৪ কোটি টাকার কাছাকাছি ব্যয়ের ৬৫০ মিটার সেতুর অগ্রগতি মাত্র ৭৫ শতাংশ; নৌকায় নদী পার হয়ে ভোগান্তিতে দুই পাড়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

ঝিনাইদহের শৈলকুপা ও রাজবাড়ীর পাংশা উপজেলার লাঙ্গলবাঁধ-নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ কবে শেষ হবে, তা জানেন না দুই পাড়ের মানুষ। ৬৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ চার দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৭৫ শতাংশ। এতে নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ জুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১০ অক্টোবর বর্ধিত সময়সীমা শেষ হলেও নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে। সম্প্রতি নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, সেতুর চারটি স্প্যান ও দুটি গার্ডার বসানো বাকি। রাজবাড়ী প্রান্তে মাত্র চার-পাঁচজন শ্রমিককে কাজ করতে দেখা গেছে; শ্রমিকসংকটে কাজের গতি কমেছে বলে জানা গেছে।

নাদুরিয়া গ্রামের শিক্ষার্থী মো. আবদুল্লাহ প্রতিদিন নৌকায় গড়াই নদী পার হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ উচ্চবিদ্যালয়ে যাতায়াত করে। সে জানায়, সেতু চালু হলে বাড়ি থেকে স্কুলে যেতে মাত্র ১০ মিনিট লাগত। সেতুর আশায় বিদ্যালয়ে ভর্তি হলেও তার স্কুলজীবন প্রায় শেষ, অথচ সেতুর কাজ শেষ হয়নি। শৈলকুপার মালিথিয়া (লাঙ্গলবাঁধ) আদিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম মোল্লা জানান, রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার কয়েকটি গ্রাম থেকে শতাধিক শিক্ষার্থী এ কলেজে পড়ে; নদী পারাপারের সমস্যায় তাঁরা নিয়মিত ক্লাস করতে পারেন না।

সেতুটি চালু হলে ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি মাগুরা ও ঝিনাইদহ থেকে ঢাকায় যাতায়াতের সড়কপথের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার কমবে বলে আশা করছেন স্থানীয়রা।