মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, নজরদারির তথ্যে উদ্বেগ

রোগতত্ত্ব ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ক্লেবসিয়েলা নিউমোনির ইমিপেনেম-প্রতিরোধ চার বছরে ১৪.৭ শতাংশ থেকে বেড়ে ৪১.৩ শতাংশে পৌঁছেছে।

দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নজরদারির তথ্যে এ চিত্র উঠে এসেছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে “অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস। এতে চিকিৎসক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

মূল উপস্থাপনায় আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব জানান, জাতীয় নজরদারির তথ্য অনুযায়ী নিউমোনিয়া, মূত্রনালি ও রক্তে সংক্রমণ ঘটানো ক্লেবসিয়েলা নিউমোনি জীবাণুর ইমিপেনেম অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধের হার ২০২২ সালে ছিল ১৪.৭ শতাংশ। ২০২৬ সালের প্রথম ছয় মাসে তা বেড়ে হয়েছে ৪১.৩ শতাংশ। একই সময়ে মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধ ১৬ শতাংশ থেকে বেড়ে ৩৭.৮ শতাংশে দাঁড়িয়েছে।

ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণ ঘটানো ই কোলি জীবাণুর ক্ষেত্রেও প্রতিরোধ বেড়েছে। ইমিপেনেমের বিরুদ্ধে তা ৭.৫ থেকে ১৩.৫ শতাংশ এবং মেরোপেনেমের ক্ষেত্রে ৯.৩ থেকে ১১.১ শতাংশ হয়েছে। বেশ কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি জীবাণুর সংবেদনশীলতাও কমেছে। অ্যামিকাসিনের ক্ষেত্রে তা ৮৬ থেকে ৭০ শতাংশ, সেফট্রিয়াক্সোনের ক্ষেত্রে ৫২ থেকে ৪৫ শতাংশ এবং সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে ৫০ থেকে ৩৫ শতাংশে নেমেছে। তবে জেন্টামাইসিনের ক্ষেত্রে সংবেদনশীলতা ৫৬ থেকে ৬৮ শতাংশ এবং লাইনজোলিডের ক্ষেত্রে ৮৮ থেকে ৯৩ শতাংশে বেড়েছে।

ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নাইমা মোয়াযযাম বলেন, নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক উদ্ভাবিত হলেও ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতা বাড়ায় চিকিৎসায় জটিলতা তৈরি হচ্ছে। শুধু অপব্যবহার নিয়ন্ত্রণ করলেই সংকট মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে তিনি মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, উদ্ভিদ ও পরিবেশকে একসঙ্গে দেখার “ওয়ান হেলথ” ধারণায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম জনসচেতনতা বৃদ্ধি, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং হাসপাতালভিত্তিক সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে মানুষকে সচেতন করতে হবে। হাসপাতালে সংক্রমণের উৎস নিয়ন্ত্রণ করা গেলে প্রতিরোধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলেও তিনি মনে করেন।