শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

২২ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন মুফতি তাকি উসমানি, ৯টি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন

পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক সফরকালে ঢাকা, হাটহাজারী, সিলেটসহ বিভিন্ন স্থানে সম্মেলনে যোগ দেবেন; শারীরিক অবস্থার কারণে কর্মসূচি কমানো হয়েছে।

বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট নয়টি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১১ নভেম্বর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর ঢাকায় পৌঁছে শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর ঢাকার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে উপস্থিত থাকবেন এই আলেম।

২৪ নভেম্বর সকালে তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন। ২৫ নভেম্বর নরসিংদী হয়ে সিলেটে উলামা সম্মেলনে অংশ নেবেন। ২৬ নভেম্বর বেফাক ও হাইআতুল উলয়ার যৌথ আয়োজনে বিশেষ উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।

সফরের শেষ দিকে ২৭ নভেম্বর বায়তুল মোকাররম মসজিদে জুমার বয়ান ও কেরানীগঞ্জে একটি ইসলামি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর ২৮ নভেম্বর যাত্রাবাড়ী মাদরাসায় দরসে বুখারি প্রদানের মধ্য দিয়ে তাঁর এই সফর শেষ হবে।

আয়োজকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এবার সফরসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে আগের তুলনায় কর্মসূচির সংখ্যা কিছুটা কমিয়ে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।