বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি মিলন: মাদক কারবারি যত প্রভাবশালীই হোক ছাড় নয়, ফসলি জমিতে পুকুর খনন নয়

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য বুধবার উপজেলা পরিষদে সভায় মাদক, দুর্নীতি ও কৃষিজমি রক্ষার বিষয়ে কথা বলেন।

মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। বুধবার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতিকে সমাজের অন্যতম বড় ব্যাধি উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদকের কারণে সন্তানের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে এবং সম্প্রতি মোহনপুরেও এমন ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য, গত সংসদ অধিবেশনে এ বিষয়ে কঠোর আইন পাস হয়েছে; নতুন আইনে অপরাধীদের সহজে জামিন পাওয়ার সুযোগ সীমিত করার ব্যবস্থা রয়েছে এবং সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা।

পুলিশের ভূমিকা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, পুলিশ এখন অনেকটা অসহায় অবস্থায় রয়েছে। ইতোমধ্যে দুবার তাদের পোশাক পরিবর্তন হয়েছে, তবে শুধু পোশাক বদলালে হবে না, কাজের ধরন ও মানসিকতাতেও পরিবর্তন আনতে হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ফসলি জমিতে পুকুর খননের বিরোধিতা করে তিনি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। যেসব জমিতে ইতোমধ্যে পুকুর খনন করা হয়েছে, সেসব জমির শ্রেণি আইন অনুযায়ী পরিবর্তনের নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে বলে উল্লেখ করে বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপরও গুরুত্ব দেন। পুকুর খননকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা হয়, যেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। পরে তিনি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসের র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।