পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় একটি অটোভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ছয়টার দিকে উপজেলার ভাঁদরা বাইপাস সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নামই নজরুল ইসলাম। তাঁদের একজন অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০), তিনি পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। অন্যজন ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০), তিনি মহেলা হাটপাড়া গ্রামের মরহুম ইয়াসিন কারিগরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নজরুল ইসলাম অটোভ্যানে চেপে চাটমোহরের অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথে ভাঁদরা বাইপাস সড়কের মোড়ে একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে চালকসহ দুজনই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. অলিউর রহমান দুর্ঘটনা ও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাকটি জব্দ করা হয়েছে কি না কিংবা পলাতক চালকের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।