শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিশ্চিত নয়

কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে শুক্রবার সকালে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ওয়াদুদ শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি চারদিক খোলা চৌরি ঘরে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।