রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচের সড়কে দুটি এবং উপজেলা পরিষদ চত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে এবং বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হননি, তবে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে মহাসড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে পথচারী এবং রিকশা ও অটোরিকশাচালকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার কথা ভেবে মার্কেটের ব্যবসায়ী ও সড়কের পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। একপর্যায়ে ব্যস্ত এলাকাটি অনেকটা জনশূন্য হয়ে পড়ে।

মার্কেটের বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হয়। এর একটি অল্পের জন্য পাশের একটি দোকানের ভেতরে ঢোকেনি।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে ইউএনওর সরকারি বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ইউএনও মো. নাহিদ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে তিনি নিরাপদে আছেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাওনা চৌরাস্তার ঘটনাস্থলে যান শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও মোশাররফ হোসেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রাতে উপজেলার প্রশাসনিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তদন্ত করে জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে এখনো কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।