সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে বাবু মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত বাবু মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, ২০০৯ সালে একই এলাকার নুরুল হুদার মেয়ে হাজেরা খাতুনের সঙ্গে চাচাতো ভাই বাবু মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এরই জেরে ২০১১ সালের ৮ নভেম্বর বাবু মন্ডল স্ত্রী হাজেরা খাতুনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা নুরুল হুদা হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বাবু মন্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।