বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতাকে চাপা দেওয়া পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে ২৩ অক্টোবর রাতের টহলে পুলিশের এসআই ও স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় নরসিংদী থেকে ঘাতক পিকআপ উদ্ধার করা হয়েছে; মূল চালক পলাতক।

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় পিকআপের হেলপারকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল রাতের টহলে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে থানায় ফিরছিল। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়ি থামান। রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী বেপরোয়া গতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। গুরুতর আহত এসআই মিজানুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিএসআই জাবেদ ওমর ও চালক কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।

ঘটনায় ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় মামলা (নম্বর ২৬) হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামে একটি সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে পিকআপটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার করে। একই সময়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা পিকআপের হেলপার রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে রাজু বলেছেন, পিকআপের মূল চালক ছিলেন মাজহারুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক; তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। রাজু শেখকে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।