নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ও বাজার সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতা আইনের আওতায় ৬৭টি মামলা হয়েছে এবং বিপুল অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ।
মন্ত্রীর লিখিত জবাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত তদারকি চলছে। ঢাকার বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর দৈনিক চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয় দুটি অভিযান চালাচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ হাজার ১৪৪টি অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজে একটিসহ মোট ৬৭টি মামলা হয়েছে। এর মধ্যে চাল, তেল, ডিম ও মুরগির আটটি মামলায় ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।
নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি অব্যাহত আছে বলে মন্ত্রী জানান। এ ছাড়া দেশীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি হচ্ছে এবং আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে আমদানিকারকদের নীতিসহায়তা দেওয়া হচ্ছে। সিন্ডিকেট পরিহার ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় বণিক সমিতি এবং অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভাও হয়েছে বলে লিখিত জবাবে উল্লেখ করা হয়েছে।