পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে (পরিবার) এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাইলটিং পর্যায়ে ৮টি বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ের পদ্ধতি প্রক্সি মিনস টেস্টের (পিএমটি) স্কোরের ভিত্তিতে ৭৭ হাজার ৮৯৪ নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি খানা ভাতা পেয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নেওয়া এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা পাচ্ছেন। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর সারা দেশের সব পরিবারের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। এ কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি খানার তথ্য সংগ্রহ শেষ হয়েছে।
ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হয়। বিতরণের কাজে সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, এটিএম বুথ, পয়েন্ট অব সেল মেশিন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টের মাধ্যমে টাকা তোলা ও লেনদেন করা যাবে; এ জন্য বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও এমএফএস অপারেটরদের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের কাজ চলছে। সিমকার্ড, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্ম-এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে।