সরকারি চাকরিজীবীদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ আসার পর রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে ভাড়া থাকা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সময়সীমার শেষ দিন আজ শনিবার সকাল থেকে কলোনির বিভিন্ন ভবন থেকে ভ্যানে মালপত্র সরিয়ে নিতে দেখা গেছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, যাঁরা নিজেরা না থেকে সরকারি বাড়ি অন্যদের সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাঁদের তা ফিরিয়ে নিতে হবে। ৩১ অক্টোবরের পরও কোনো সরকারি ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান, ২২ অক্টোবর বাড়িওয়ালা হঠাৎ বাসা ছাড়তে নোটিশ দেন। তখন তিনি দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। ২৬ অক্টোবর ঢাকায় ফিরে আর বাসায় থাকতে পারেননি; যেদিন যেখানে পেরেছেন, থেকেছেন। তিনি বলেন, ডিসেম্বরেই তাঁদের ফাইনাল পরীক্ষা, এই পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া কঠিন। তাঁর ভাষ্য, মৌখিক চুক্তিতে ভাড়া নেওয়ার সময় অন্তত দুই মাস আগে জানানোর শর্ত ছিল, কিন্তু তা মানা হয়নি।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, তিনি প্রতিদিন রাত ১১-১২টা পর্যন্ত বাসা খুঁজেছেন। হলে আসন না পেয়েই তাঁরা ভাড়া থাকতেন উল্লেখ করে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে আবাসিক হলে আসন বরাদ্দের দাবি জানান।
২২ নম্বর ভবন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কলোনিতে বেশির ভাগই কম বেতনের কর্মচারী থাকেন। কেউ কেউ হয়তো একটি রুম ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়, কিন্তু ইতিমধ্যে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে; এখন কোনো ভাড়াটে নেই।